সকল মেনু

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার হলো পুঁতে রাখা মা-মেয়ের মরদেহ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া এলাকার কালিতলা গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দৌলতদিয়া পরশউল্লাহপাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। পরিবারের দাবি, গত ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে কুলখানির অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কালিতলা গ্রামের একটি পুকুরপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে মাঠে কাজ করা কয়েকজন কৃষক ঘটনাস্থলে যান। সেখানে মাটির নিচ থেকে মানুষের একটি পা বের হয়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে প্রথমে শিশুকন্যা এবং পরে তাঁর মায়ের লাশ উদ্ধার করে।

উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খবির হোসেন জানান, ঘটনাস্থলের পাশেই ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনছারডাঙ্গী গ্রাম অবস্থিত। পুকুরটি ওই গ্রামের হাকিম উল্লাহ নামের এক ব্যক্তির বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলটি ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। বিষয়টি নিশ্চিত করতে রাজবাড়ী ও ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। পরে কোন থানায় মামলা হবে এবং তদন্ত পরিচালিত হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top