আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।
সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দীর্ঘ ছুটির এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত অফিস ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার সাধারণ ছুটি ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।