সকল মেনু

কাস্টডিয়ান সেবায় যেতে চায় এবি ব্যাংক

আর্থিক খাতে কার্যক্রমের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি। এর অংশ হিসেবে এবার মিউচ্যুয়াল ফান্ড, সিকিউরিটিজ ও বিভিন্ন আর্থিক সম্পদের সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি।

এ লক্ষ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের (এমওএ) উদ্দেশ্য ধারায় নতুন একটি বিষয় সংযোজনের প্রস্তাব অনুমোদন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বাংলাদেশের প্রচলিত আইন, বিধি ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় থেকে এবি ব্যাংক ভবিষ্যতে মিউচ্যুয়াল ফান্ড, সিকিউরিটিজ, আর্থিক উপকরণ এবং অন্যান্য সম্পদের সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।

তবে সিদ্ধান্তটি এখনই কার্যকর হচ্ছে না। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি ব্যাংকের শেয়ারধারীদের সম্মতিও প্রয়োজন হবে। আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারধারীদের অনুমোদন নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top