হাম ও এর উপসর্গে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও এর উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন অন্তত ৬ জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মৃত্যুর হার কমার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। ঢাকা বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি এবং রংপুরে তুলনামূলকভাবে কম ঝুঁকি দেখা গেছে। গতকাল একদিনেই আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, “কেন এত শিশুর মৃত্যু হলো, সেখানে কোনো অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব সঠিক হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং তাপমাত্রাজনিত কারণে ভাইরাস দ্রুত ছড়ানো—এই প্রাদুর্ভাবের প্রধান কারণ হতে পারে। তারা বলছেন, শিশুদের জ্বর বা র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।