সারাবিশ্বে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, গত এক দশকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের পাঁচ শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া ভারতে ৩০ জন, পাকিস্তানে প্রায় ৫০ জন এবং বাংলাদেশে ২৬ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সাংবাদিকদের এ ঝুঁকি ও নিরাপত্তাহীনতা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে দেশে গণমাধ্যমের ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।’
তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে হামলার ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। তার ভাষ্য, ‘হামলাগুলো হঠাৎ করে হয়নি, অনেকটা ঘোষণা দিয়েই করা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন; কিন্তু তারা কার্যকর পদক্ষেপ নেননি। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য নেতিবাচক বার্তা বহন করে।’
কিছু গণমাধ্যমও হামলার ঘটনাকে উপভোগ করেছে বলে মন্তব্য করেন তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, হামলার পর পরিচিত আইনজীবী, অধিকারকর্মী এমনকি কিছু গণমাধ্যম ব্যক্তিত্বও এ ঘটনায় উৎফুল্লতা প্রকাশ করেছেন। ফলে গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকট নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজান ভাইজ, নিকোলস উইক, এমিলিয়া ডিয়াজ স্ট্রাক এবং হাসিবুর রহমান।
এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ৮ ও ৯ মে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন এবং ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক অংশ নেবেন। এছাড়া ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন এবং তারা তাদের সংবাদ ভাবনাগুলো সম্মেলনে উপস্থাপন করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।