হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রস্তুতের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সভায় হাওর এলাকার কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে চিহ্নিত করে দ্রুত তালিকা প্রস্তুত করতে হবে। ওই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বন্যা ও অতিবৃষ্টির কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।