ইরান ‘অসদাচরণ’ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়েছে এবং এখন তিনি এর চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন।
পুনরায় হামলা শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেন, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। তিনি বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে।’
অন্যদিকে ইরান তাদের ১৪ দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহারের কথা উল্লেখ করেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাকে তারা পরবর্তী পর্যায়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
এ দিকে ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শিগগির পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনা (শান্তি প্রস্তাব) পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না। কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।
ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এ মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এ বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি/ রয়টার্স
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।