সকল মেনু

মাথা তোলার আগেই দমন, সন্ত্রাসীদের উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বলেছেন, সন্ত্রাসীরা সংগঠিত হওয়ার আগেই তাদের দমন করা হবে। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আগের মতো বড় আকারের শীর্ষ সন্ত্রাসী বর্তমানে না থাকলেও তাদের সহযোগী বা নতুন অপরাধচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব গোষ্ঠীকে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি বিশেষ করে চাঁদাবাজি ও স্থানীয় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে এবং ব্যবসায়ী বা সাধারণ মানুষ গোপন বা প্রকাশ্যে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানীজুড়ে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। বিভিন্ন স্থানে গোপন নজরদারি বাড়ানো হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।

থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কোনো থানায় অভিযোগ গ্রহণে গড়িমসি হলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার (এসি), ডেপুটি কমিশনার (ডিসি) বা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এই পুলিশ ক্যাম্প একটি কার্যকর উদ্যোগ। পাশাপাশি পুরো ঢাকা মহানগরজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top