দেশের বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ সরকারকে ৩৫২ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় এই ব্যয় ১০ শতাংশের বেশি বেড়েছে। গত অর্থবছরের এই ৯ মাসে ঋণের সুদাসল বাবদ পরিশোধ করা হয়েছিল ৩২১ কোটি ২০ লাখ ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, শুধু ঋণের কিস্তি বা আসল পরিশোধেই নয়, বেড়েছে সুদের ব্যয়ও।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিদেশি ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২২৭ কোটি ৬৪ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে ব্যয় ছিল ২০১ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঋণের সুদ বাবদ শোধ করতে হয়েছে ১২৪ কোটি ৮৬ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২০ কোটি ১০ লাখ ডলার।
পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছর ধরেই পুরোনো ঋণের সুদাসল পরিশোধের চাপ বাড়ছে। গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে মোট ৪০৯ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। তার আগের অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪ সালে এই ব্যয়ের পরিমাণ ছিল ৩৩৭ কোটি ডলার।
একদিকে ঋণ পরিশোধের চাপ বাড়লেও অন্যদিকে বিদেশি সহায়তার অর্থ ছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি—উভয়ই কমেছে। ইআরডির প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে উন্নয়ন সহযোগীরা সব মিলিয়ে ৩৮৯ কোটি ১৮ লাখ ডলারের ঋণ ও অনুদান ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থ ছাড় কমেছে ১৯ শতাংশ।
নতুন ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২৮০ কোটি ৪১ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০০ কোটি ৫৩ লাখ ডলার।
চলতি অর্থবছরে ঋণের সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ৯ মাসে প্রায় ১২৭ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই রয়েছে বিশ্বব্যাংকের আইডিএ শাখা, তাদের প্রতিশ্রুতির পরিমাণ সাড়ে ৪১ কোটি ডলার। তবে অর্থ ছাড়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের কারণে দেশটি সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।