উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে জেলে ও নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বায়ুমণ্ডলীয় অস্থিরতার কারণে উত্তর বঙ্গোপসাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যা নৌযান চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পাশাপাশি গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে জেলে ও ট্রলার মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।