সকল মেনু

‘সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে’

গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম দমনে অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জব্দের সফলতা বেড়েছে ৪০ শতাংশ।

তিনি জানান, জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধে সক্ষম হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এছাড়া মানবপাচার প্রতিরোধে সচেতনতা ও আইনি প্রয়োগ বৃদ্ধির ফলে ২৫ শতাংশ ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ব্রিফিংয়ে দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অগ্রগতিও তুলে ধরা হয়। উপদেষ্টা জানান, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৬ এপ্রিল দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওই দিন সর্বোচ্চ তিন ঘণ্টা লোডশেডিং হয় ময়মনসিংহ জোনে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, মঙ্গলবার প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং উদ্বোধন করা হবে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পরে ধাপে ধাপে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

তিনি আরও জানান, দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ এর সুফল পাবেন।

জ্বালানি মজুত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। অন্যান্য জ্বালানি তেলেও পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top