সকল মেনু

আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রী

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে স্বস্তির খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটাই কমে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং খুব শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। একই সঙ্গে ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমদানিতে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বর্তমানে বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান বলেন, পরিবেশবান্ধব জ্বালানিকে উৎসাহিত করতে আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top