সকল মেনু

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) এ মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এ মামলায় গত ২৩ এপ্রিল নাছেরের চারদিন রিমান্ড মঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয় তাকে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার সময় উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলি করেন।

ওই সময় আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসানের শরীরে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top