ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও মার্কিন প্রতিনিধি দলের সেই সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, ‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’
সফর বাতিলের কারণ হিসেবে তিনি জানান, দীর্ঘ ভ্রমণে সময় নষ্ট হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সামনে গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। একই সঙ্গে ইরানের নেতৃত্বের মধ্যে চরম অন্তর্কোন্দল ও বিভ্রান্তির কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ইরান নিজেরাও জানে না বর্তমানে নেতৃত্বে কে রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব সুযোগ এখন আমাদের হাতে, তাদের হাতে কিছুই নেই। তারা যদি কথা বলতে চায়, তাহলে একটি ফোন কলই যথেষ্ট। কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই ১৮ ঘণ্টার ফ্লাইটে বসে থাকার প্রয়োজন নেই।”
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
ট্রাম্প আরও বলেন, ‘সব কার্ড এখন আমাদের হাতে। তারা চাইলে যেকোনো সময় যোগাযোগ করতে পারে। কিন্তু ফল ছাড়া দীর্ঘ সফর আর হবে না।’
পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল শনিবার পাকিস্তান সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ জানান, আব্বাস আরাঘচির সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি, পাকিস্তান-ইরান সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: বিবিসি, আল জাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।