সকল মেনু

নৈশভোজ চলাকালে বন্দুকধারীর গুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ চলাকালে হোটেল লবিতে বন্দুকধারীর গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপত্তা বাহিনী দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেয়।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাঙ্কেট হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো হল নিয়ন্ত্রণে নেয় এবং সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেল লবিতে এসে গুলি ছোড়ে। তবে হামলাকারী নিহত হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নৈশভোজের অনুষ্ঠান পুনরায় শুরু হবে।

এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি দুজনই নিরাপদ আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিবছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এ নৈশভোজ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আকস্মিক গুলির ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: আলজাজিরা, এপি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top