বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান নারী চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লেভেল-১ অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যা ব্যাটার আউট হওয়ার পর উসকানিমূলক বা অসম্মানজনক আচরণের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে শারমিন ২.৮ ধারা ভঙ্গ করেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের বিষয়টি নির্দেশ করে।
জরিমানার পাশাপাশি দুজনের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হিসেবে গণ্য হয়েছে।
ম্যাচ চলাকালে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ১৭তম ওভারে নাহিদা তাকে ইশারায় প্যাভিলিয়নের পথে বিদায় জানান। অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর শারমিন নিজের ব্যাটের দিকে ইঙ্গিত করে হতাশা প্রকাশ করেন এবং মাঠ ছাড়তে দেরি করেন।
মাঠের আম্পায়ার এলোইস শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস প্রস্তাবিত শাস্তি দুই ক্রিকেটারই মেনে নেন।
উল্লেখ্য, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।