যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ ও সামরিক নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো ধরনের হুমকি বা অবরোধের মাধ্যমে ইরানকে তার অবস্থান থেকে সরানো সম্ভব নয়।
রবিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, ইরান–যুক্তরাষ্ট্র সংলাপ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয় উঠে আসে।
পেজেশকিয়ান পাকিস্তানের শান্তি উদ্যোগের প্রশংসা করে বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের নেতৃত্ব ও সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য তিনি ধন্যবাদ জানান।
তবে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট। তার দাবি, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ওয়াশিংটন একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে এবং নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
তিনি বলেন, এসব পদক্ষেপ ও হুমকিমূলক অবস্থান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিশ্রুতির ওপর আস্থা নষ্ট করছে।
জাতীয় নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নতুন কোনো সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করবে।
তিনি আরও জানান, পারস্য উপসাগরীয় দেশসহ প্রতিবেশীদের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে ইরান আগ্রহী। বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলমান কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে ইরানকে অবহিত করেন এবং সংঘাত নিরসনে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।