সকল মেনু

দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার পথে এগোচ্ছে। এই পথে কেউ বাধা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার আপসহীন থাকবে বলেও জানান তিনি।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট রয়েছে—এটি অস্বীকারের সুযোগ নেই। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক বাস্তবতার অংশ। তিনি বলেন, জনগণের কষ্ট বিবেচনায় সরকার অনেক দেরিতে জ্বালানির দাম সামান্য সমন্বয় করেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবেশী অনেক দেশ জ্বালানির দাম আরও বেশি বাড়িয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকার কাজ করছে, যাতে শিল্পকারখানা বা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়।

তিনি বলেন, অনেক দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট ঘিরে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও কারফিউ পর্যন্ত জারি করতে হয়েছে। বাংলাদেশ সেই অবস্থায় যায়নি এবং সরকার চায় ভবিষ্যতেও যেন সে পরিস্থিতি না তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং চবি অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top