দেশজুড়ে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মধ্যে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এই একদিনেই বিভিন্ন বিভাগে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে ঢাকায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় ১২৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৮ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজারের বেশি শিশুর শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
এ সময়ে প্রায় ১৮ হাজার ৮৪৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। ভর্তি করা শিশুদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
তারপরও সার্বিক পরিস্থিতি বলছে, হাম নিয়ে এখনই সতর্ক না হলে ঝুঁকি আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দিচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।