সকল মেনু

মে দিবসে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের মজুরি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনও বহাল রয়েছে। এসব দাবি আদায়ে শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন। দলের নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

নজরুল ইসলাম খান দাবি করেন, ইতোমধ্যে কৃষি শ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফের বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগও শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে বলে তিনি মনে করেন। তবে আরও কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শ্রমজীবী মানুষকে ‘উৎপাদক শ্রেণী’ উল্লেখ করে তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রেই শ্রমিকদের অবদান রয়েছে এবং তারা সহানুভূতির নয়, বরং সম্মানের দাবিদার।

দিবসের সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে এই দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top