জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাড়াচ্ছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) একই অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর কাফিসহ অনেকেই এনসিপিতে যোগ দেবেন।
সেদিন বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।
কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান ইসহাক সরকার। বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
পদ ছেড়ে দেয়া প্রসঙ্গে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
ইসহাক সরকারের কাছে এনসিপিতে যোগদান বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ আমাকে দেয়া হয়নি। এমনকি আমার অফিস দখল করে নেয়া হয়েছে, আরও নানাভাবে হয়রানি করা হয়েছে। তবে কারও প্রতি কোন বিদ্বেষ না রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া চাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।