দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে চলমান লোডশেডিং পরিস্থিতির মধ্যে এবার সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ প্রস্তাব দেন তিনি।
সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটি কাম্য নয়।’
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, লোডশেডিং শুরু হোক সংসদ ভবন থেকেই। তার এ বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন তো বন্ধ রাখা যাবে না।
জবাবে ডা. শফিকুর রহমান ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি সংসদ অধিবেশন বন্ধ রেখে লোডশেডিংয়ের কথা বলেননি; বরং সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিং করার প্রস্তাব দিয়েছেন।
এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে দিনে ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে, যার কারণে লোডশেডিং করতে হচ্ছে।
তিনি আরও বলেন, তীব্র গরমে বিদ্যুৎ সমস্যায় মানুষ দুর্ভোগে পড়ছে, তবে এটি বর্তমান সরকারের সৃষ্ট সংকট নয়; আগের সরকারের অব্যবস্থাপনার প্রভাব এখনও বহন করতে হচ্ছে। উৎপাদন সক্ষমতা কাগজে-কলমে বেশি থাকলেও বাস্তবতায় ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।