সকল মেনু

উত্তপ্ত শাহবাগ, ডাকসু নেতা জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। থানার ভেতরে আটকে তাদের বেধড়ক মারধর করা হয় বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসেন জুবায়ের ও মোসাদ্দেক। এ সময় তাদের বেশ কয়েকবার মারধর করা হয়।

এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্যসংবলিত ছবিকে ঘিরে এ ঘটনার সূত্রপাত। ছড়িয়ে পড়া ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে পোস্টটি করা হয়েছে বলে দেখা গেছে। সন্ধ্যায় তিনি স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।

পরে রাত ৮টার দিকে শাহবাগ থানায় প্রবেশ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা ছাত্রদল নেতাকর্মীরা তাদের ঘিরে ধরে সংঘবদ্ধ হামলা চালায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে শাহবাগ থানার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সক্রিয় উপস্থিতি দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top