সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে মনিরা শারমিনের।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।
মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের যে তথ্য দিয়েছেন তাতে কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার স্পষ্ট তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করেন তিনি।
মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশ্যে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।
জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করেন। এরপর ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
মনোনয়নপত্র বৈধ হয়েছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরের সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জি: মারদিয়া মমতাজ সদস্য, জুলাই শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিশের ইঞ্জি: মাহবুবা হাকিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।