বগুড়াসহ দেশের সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমতাবলম্বীদের বিনাবিচারে শাস্তি দেওয়া হয়েছে এবং আইনের অপব্যবহার করে নাগরিকদের নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, দেশে শুধু আইনের শাসন নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এতে বিচারপ্রক্রিয়া দ্রুত হবে এবং বিচারিক কাজে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিচারপ্রার্থীদের অহেতুক হয়রানি ও ভোগান্তি কমবে। তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান—প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিক—সবার ক্ষেত্রেই একই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
এর আগে সকাল ১১টার পর তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের ফলক উন্মোচন করেন।
সরকারের পক্ষ থেকে বিচার ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার অংশ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।