তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে, এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।
এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট এবং মধ্যপ্রাচ্য বিপদজনক জোন/সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প পথে/উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধিসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।