মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন।
নিহতরা হলেন—বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয় এবং এলাকায় মাইকিং করে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়। তবে দীর্ঘ সময়েও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে রাত প্রায় ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে মারধর করে। এতে পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।