সাম্প্রতিক নির্বাচনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ পূরণ হয়নি এবং এতে ব্যাপক হারে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে দলটির জেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান দাবি করেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আংশিকভাবে স্বীকার করা হয়েছে। তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়ে নির্বাচনের সময় নির্ধারণের উদ্যোগের বিরোধিতা তারা আগেই করেছিলেন। তার ভাষ্য, ড. ইউনুস বিদেশে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেশের মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা ভেঙে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং মানুষের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সুস্থ রাজনীতি করতে চাই বলেই বড় ধরনের দলীয় ক্ষতি মেনে নিয়েছি।’
সংসদে স্পিকারের আচরণে নিরপেক্ষতা না পাওয়ার অভিযোগ তুলে তিনি জানান, এ কারণে কয়েকবার তারা ওয়াকআউট করেছেন।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সংবিধান নিজেদের সুবিধামতো সংশোধন করে ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনার চেষ্টা করছে বিএনপি সরকার।
অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। এই অবস্থায় আন্দোলন কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হলে এবং সমস্যার সমাধান না হলে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকে না।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিয়ে পরে গণভোট থেকে সরে এসে বিএনপি দ্বিচারিতা করেছে এবং এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।