সকল মেনু

পর্যাপ্ত মজুত রয়েছে, আগামী দুই মাস জ্বালানি সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামী দুই মাসেও কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, ফলে চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাস পর্যন্ত সরবরাহ স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজার নিয়ন্ত্রণে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয় এবং ৩ হাজার ৫১০টি মামলা করা হয়। পাশাপাশি বিভিন্ন অভিযানে ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেল, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েল। সব মিলিয়ে প্রায় ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি জব্দ করা হয়। সম্প্রতি চট্টগ্রাম থেকে আরও ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে যুগ্মসচিব জানান, দেশে এখন ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা স্বাভাবিক চাহিদা মেটাতে সক্ষম।

তিনি আশ্বস্ত করে বলেন, “পর্যাপ্ত মজুত থাকায় আগামী দুই মাস জ্বালানি সরবরাহে কোনো ধরনের সমস্যা হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top