সকল মেনু

সালথায় সাবেক সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে নুরু বিশ্বাসকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। হামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সহিদুল ইসলাম সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top