সকল মেনু

সালথায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনে যুবককে জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। আটক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে একটি ইজিবাইকে করে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জুবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা পেট্রোল স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top