ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয়দের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম স্থান অর্জন করে জসিম মোল্লার ঘোড়া, যার পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৬ ইঞ্চি এলইডি টিভি। দ্বিতীয় স্থান অর্জন করে নুরুল ইসলামের ঘোড়া, পুরস্কার হিসেবে পান ৮ হাজার টাকা। তৃতীয় স্থান অর্জন করে বিলায়েত হোসেনের ঘোড়া, পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ ৬ হাজার টাকা।
এই আয়োজন ঘিরে এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সের লক্ষাধিক দর্শক প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমান। দীর্ঘদিন পর এমন আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়রা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রথম স্থান অর্জনকারী ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, “দীর্ঘদিন পর অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।”
দ্বিতীয় স্থান অর্জনকারী নুরুল ইসলাম মাতুব্বর বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, বিএনপি নেতা হুমায়ুন খান, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদল নেতা মো. জসিম মোল্লা, মনির কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।