সকল মেনু

জনশক্তি রপ্তানিতে বিশ্বে রোল মডেল বাংলাদেশ: মাহাদী আমিন

সরকার জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ও রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, সম্প্রতি সৌদি আরবের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও যোগ্য শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সঙ্গে যৌথ সহযোগিতা বৃদ্ধি এবং আরবি ভাষা শিক্ষায় সৌদি আরবের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ—সব ধরনের জনশক্তির রপ্তানি বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের তরুণ ও যুবসমাজকে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলকভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top