বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার একনেকের সভা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়, যা প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৈঠকে মোট ১৯টি প্রকল্প আলোচ্যসূচিতে থাকলেও ৮টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ৬টি প্রকল্প অনুমোদন পায় এবং ২টি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়।
তিনি আরও জানান, সময়স্বল্পতার কারণে সব প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়নি। আগামী সপ্তাহের বৈঠকে বাকি প্রকল্পগুলো বিস্তারিতভাবে উপস্থাপন ও পর্যালোচনা করা হবে।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।