সকল মেনু

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অনুষ্ঠানে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে একচোখে দেখি এবং সবাইকে ভালোবাসি। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি দাবি করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়েছে। একসময় বলা হতো অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না—এবার তা ভুল প্রমাণিত হয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি, যোগাযোগসহ বিভিন্ন খাত ভঙ্গুর অবস্থায় ছিল। একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো পরিস্থিতি আমরা পেয়েছি।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং সংগঠনটির সাবেক উইং কমান্ডার খ্রীস্টেফার মি. অধিকারী বক্তব্য রাখেন। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিত্ব এবং ইস্টার সানডে-কে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। এছাড়া প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, দেশের সাত হাজার চার্চে তার জন্য প্রার্থনা করা হয়েছে এবং বর্তমান সরকারের জন্যও নিয়মিত প্রার্থনা চলছে।

প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন। পরে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইস্টার সানডে উপলক্ষে তাকে স্মারক উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top