জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের অফিস-আদালত ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মার্কেট ও শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আনা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে সব মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের সাপ্লাই লাইন অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি ব্যবহার কমাতে অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব অফিস চালু থাকবে।”
এছাড়া মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি ব্যয় কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—আগামী তিন মাস নতুন কোনো যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
এছাড়া সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণও কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দিতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।