মেহেরপুর পৌরসভার হোটেল বাজার এলাকার ব্যবসায়ী তৌহিদুল আজম গত ৫ মার্চ ফেসবুক মেসেঞ্জারে পাওয়া একটি লাইভ টেলিভিশন সার্ভারের লিংকে ক্লিক করার পর ২৫ হাজার টাকা হারিয়েছেন।
আজমের অভিযোগ, লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ফোনে একটি অ্যাপ ইনস্টল হয় এবং অস্বাভাবিক কার্যক্রম শুরু হয়। তিনি দ্রুত অ্যাপটি আনইনস্টল করলেও পরবর্তীতে তার ফোনের স্ক্রিনে নিজে নিজেই বিভিন্ন কার্যক্রম চলতে থাকে। এমনকি মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার সময়ও আজম কোন লেনদেন করেননি, তবু তার রকেট অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা স্থানান্তরিত হয়।
এ ঘটনায় আজম মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। সদর থানার ওসি (তদন্ত) শিমুল দাস এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণার চক্রের অংশ।
তদন্তে দেখা গেছে, টাকা পাঠানো হয়েছে রেহেনা আক্তার নামে একজনের বিকাশ অ্যাকাউন্টে, যিনি কক্সবাজার জেলার রামু উপজেলার নয়াচর ঢাকমারকুল এলাকার বাসিন্দা। তবে সিম নম্বরটি নিবন্ধিত রংপুর সদর উপজেলার চন্দনপাট মণ্ডলপাড়া এলাকার শিরিনা বেগমের নামে। একই দিনে ওই বিকাশ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে মোট সাতটি লেনদেন হয়েছে। ধারণা করা হচ্ছে, আজমের মতো আরও কয়েকজনও প্রতারণার শিকার হয়েছেন।
মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, বিষয়টি নিয়ে সাইবার ইউনিট কাজ করছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এটি একটি পরিকল্পিত সাইবার প্রতারণা। ফিশিং লিংকের মাধ্যমে ভুক্তভোগীর মোবাইলে অননুমোদিত প্রবেশাধিকার নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইথিক্যাল হ্যাকার জামশেদ সুমন (ছদ্মনাম) বলেন, ‘প্রলোভননির্ভর ফিশিং লিংক এখন সাইবার প্রতারণার প্রধান হাতিয়ার। ব্যবহারকারীদের অজ্ঞতা ও অসতর্কতাকেই কাজে লাগায় প্রতারকরা। হ্যাকাররা যেমন প্রযুক্তিগতভাবে দক্ষ হচ্ছে, তেমনি সাধারণ ব্যবহারকারীদেরও সচেতন ও প্রযুক্তিবান্ধব হতে হবে।’
তদন্ত ও অনুসন্ধান থেকে উঠে এসেছে, একই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তি, মোবাইলের ব্যক্তিগত তথ্য এবং গ্যালারির ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা ঘটছে। তাই প্রযুক্তিগত সতর্কতা ও অননুমোদিত লিংকে ক্লিক না করার বিষয়টি বিশেষভাবে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এশিয়া পোস্ট
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।