সকল মেনু

রামেকে ৩০ শিশুর মৃত্যু, হাম শনাক্ত একজনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে মাত্র একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম পাওয়া যায়নি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে একজন পজিটিভ ছিলেন, বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম নেগেটিভ এসেছে।

আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দুটি ওয়ার্ডেই আলাদা করে রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের বেশি বয়সী আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।

এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top