সকল মেনু

হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান সরকার, দেশটির প্রতিরক্ষা বাহিনী কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তথ্যটি সত্য হলে, এটি ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাম্প্রতিক নিহত হওয়ার অন্যতম ঘটনা হিসেবে বিবেচিত হবে।

আলিরেজা তাঙসিরি ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন। এর আগেও একাধিকবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়, তবে প্রতিবারই তিনি রক্ষা পান। ২০১৮ সালে তিনি নৌবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার হিসেবে দায়িত্ব পান এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ তার অধীনে ছিল।

জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। এ সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে অন্তত ১২টি বিদেশি বাণিজ্য জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালি এড়িয়ে চলতে শুরু করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেল ও তরল গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বহু দেশ এর প্রভাবের মুখে পড়ছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top