সকল মেনু

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক

ইরান যুদ্ধে জেরে জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সচিবালয়ে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, বেসামরিক বিমানমন্ত্রী আফরোজা খান, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

ঈদের আগে জ্বালানি তেল দেওয়ার ক্ষেত্রে রেশনিং তুলে দেওয়ার পর পরিস্থিতির একটু উন্নতি হলেও ঈদের দিন রাতে থেকেই তা আরও নাজুক হয়ে পড়েছে।

সরবরাহ সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিন-রাত গাড়ির দীর্ঘ সারি আরও দীর্ঘ হচ্ছে। তেল না পেয়ে ফিরেও যেতে হচ্ছে অনেক গাড়ি চালককে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। তেল নিতে আসা ব্যক্তিদের সঙ্গে শোরগোল, কথা কাটাকাটির মত ঘটনা ঘটছে প্রায়ই।

ঈদের পর রোববার রাত থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মোটরসাইকেল ও গাড়ি চালকদের লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে।

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে দেশে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে সরকার জানিয়েছে।

জ্বালানি নিয়ে বিশেষ বৈঠক ছাড়াও এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম ও সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করেন।

রুমন জানিয়েছেন রেশম শিল্পের আধুনিকায়নে করণীয় নির্ধারণের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধবতন কর্মকর্তারা ছিলেন।

এদিকে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে বিকাল সাড়ে ৪টায়।

রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত রয়েছেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top