সকল মেনু

কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে দেশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারলেই দেশকে স্বনির্ভর করা সম্ভব। এ লক্ষ্যেই সরকার কাজ করতে চায় এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিরোধ নয়—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তারা।

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

অধিবেশন পরিচালনার জন্য প্রধানমন্ত্রী সংসদের সভাপতিত্বে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর পক্ষে ডা. তাহের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top