সকল মেনু

ধৈর্য্যের সাথে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বর্তমান বিশ্বের পরিস্থিতি বিবেচনায় সবাইকে ধৈর্য্য ধরে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এখন চলছে তার জন্য হয়তো আমাদের নির্বাচনী কিছু কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তাই আসুন আমরা ধৈর্য্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। আমরা ধৈর্য্যের সাথে সুন্দরভাবে আমাদের এ দেশটিকে গড়ে তুলি।’

এর আগে রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান ল্যাপটপে বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প উদ্বোধন করেন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে কার্ডপ্রাপ্ত নারীদের ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে গেছে। পরে প্রধানমন্ত্রী ১৭ জন নারীর হাতে কার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

সাততলা বস্তির এক সুবিধাভোগী নারী রিনা বেগম বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। জীবনে স্বপ্নেও ভাবিনি এই কার্ড হাতে পাবো। এই টাকা দিয়ে আমার পরিবারের অনেক সাহায্য হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এই কার্ড প্রদানের অঙ্গীকার করেছিল। মাত্র ২১ দিনের মধ্যে সরকারের পদক্ষেপে প্রাথমিক ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারীকে কার্ড দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করা হয়, বিএনপির দলীয় সংগীত পরিবেশিত হয় এবং ‘সবার আগে স্বাবলম্বী পরিবার, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে ঢাকা, রাজবাড়ী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খুলনা, ভোলা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, নাটোর, ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ মোট ১৪ জেলায়।

কার্ডপ্রাপ্ত নারীরা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। একই পরিবারের অন্য কেউ কোনো ভাতা পেলে তা অব্যাহত থাকবে। সুবিধাভোগীর বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সফটওয়্যার ভিত্তিক দারিদ্র্য সূচক অনুযায়ী করা হয়েছে, যাতে কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি না থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top