সকল মেনু

‘আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছিল। তাকে সরিয়ে দিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে বলে তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।

বার্তায় নাহিদ ইসলাম দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন এবং বেশ কিছু সংস্কার সফলভাবে বাস্তবায়ন করেন। এর ফলে আর্থিক খাত কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।

তিনি বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে গভর্নর দৃঢ় পদক্ষেপ নেন এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের অর্থ ফেরাতে কাজ করেন। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধেও উদ্যোগ নেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন আহসান এইচ মনসুর। তার ভাষ্য অনুযায়ী, এসব সংস্কারের ফলে সরকারদলীয় ব্যবসায়ী ও সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাব কমে আসে, যা কিছু মহল মেনে নিতে পারেনি।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শুরু হয়। ব্যাংকের বিধি উপেক্ষা করে গভর্নরের উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বার্তায় কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার ‘অগণতান্ত্রিক পদ্ধতিতে’ গভর্নরকে সরিয়ে দিয়েছে এবং তাকে না জানিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে, যা অপমানজনক।

নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিকে ‘বিতর্কিত দলীয় ব্যবসায়ী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম দাবি করেন, তিনি সাবেক ঋণ খেলাপি এবং তার বড় অঙ্কের ঋণ পুনঃতপশিল করা হয়েছিল। এ ধরনের ব্যক্তির হাতে দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নিরাপদ থাকবে কি না—সে প্রশ্ন তোলেন তিনি।

আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এটি দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদ নিয়োগের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top