সকল মেনু

নিষিদ্ধ সংগঠন হিসেবে আ.লীগকে দেখা হবে: মির্জা ফখরুল

যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেহেতু দলটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই দেখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আইনগতভাবে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেভাবেই তাদের দেখা হবে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়।

এর আগে দলীয় মহাসচিবের আগমন উপলক্ষ্যে নয়াপল্টনের সরগরম দপ্তরটি ‘নিরবতা’ ভেঙে আবার ‘সরব’ হয়ে ওছে। সকাল থেকে দেখা যায় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি।

বেলা ১১টায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের কক্ষে গিয়ে বসেন।

সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top