নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এসেছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সচিবালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। এটি মূলত পরিচিতিমূলক বৈঠক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরে নতুন ফুলের টব স্থাপন করা হয় এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরাও ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নেন।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। বিশেষ করে নতুন ১ নম্বর ভবনকে ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ভবনে প্রবেশের আগে আর্চওয়ে বসানো হয় এবং পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ নিশ্চিত করা হয়। সেনাবাহিনী ও র্যাবের ডগ স্কোয়াডও ভবনের নিচতলায় অবস্থান নেয়। মূল ফটকেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকের কথাও রয়েছে। সরকারের কার্যক্রমে গতি আনা, প্রশাসনে শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়ে তিনি দিকনির্দেশনা দিতে পারেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর ও সতর্ক—দুই ধরনের আবহ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।