মানুষের ‘পাহাড়সম প্রত্যাশা’ পূরণে নিরন্তর কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা গত ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের স্মরণ রেখেই তিনি দায়িত্ব পালন করবেন। তিনি স্বীকার করেন, সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সরকার এগিয়ে যাবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে নিহতদের পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের চেতনাকে ধারণ করেই সরকার কাজ করবে বলে জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তবে আইনের অপব্যবহার হয়ে থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।
সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে তার কিছু বলার নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।