সকল মেনু

সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে বিরোধী জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় পদগুলোতে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সূত্র জানায়, বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধী দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।

সংসদীয় কার্যক্রমে সমন্বয় বাড়ানো, সরকারের নীতি ও কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী জোটের অবস্থান তুলে ধরার লক্ষ্যেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদীয় রীতিনীতি অনুযায়ী, বিরোধী দলীয় নেতা সংসদে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতির সমালোচনা এবং বিকল্প প্রস্তাব তুলে ধরবেন। অন্যদিকে চিফ হুইপ বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতি, দলীয় অবস্থান সমন্বয় এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে বিরোধী দলের নতুন নেতৃত্ব সংসদে কী ধরনের ভূমিকা রাখে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top