দেশ ও জনগণের কল্যাণে যদি সরকারি দল চায় জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে। একথা জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, অতীতে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। এ চলার পথে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখে-দু:খে আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ্।
সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে এ আশা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায় সূচনা শুরু হবে এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক আমরা আশা করি এটা উৎরাতে পারবো।
জুলাইকে ধারণ করে জামায়াত পথ চলবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে, হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোন ছাড় দেবো না আমরা।
সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও জানান ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।