সকল মেনু

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব

রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের একটি যুগসন্ধিক্ষণে তার ‘দুর্বল কাঁধে’ বিশাল দায়িত্ব পড়েছে। এই দায়িত্ব সাধ্যমতো বহনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন দায়িত্ব নিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

প্রতিক্রিয়ায় নাসিমুল গনি বলেন, “আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।”

তিনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি প্রশাসনের সর্বোচ্চ এই পদে দায়িত্ব পেলেন।

সুষ্ঠু নির্বাচন করার কারণে তাকে ‘উপহার’ হিসেবে এই পদ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্তব্য নেই।” বর্তমান সময়ে দায়িত্ব নেওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন কি না জানতে চাইলে বলেন, “মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।”

নতুন মন্ত্রিসভা নিয়ে প্রস্তুতি

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, “আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরে সংস্কার সংক্রান্ত শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে ক্যাবিনেট ডিভিশন উঠেপড়ে লেগেছে।”

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম কবে প্রকাশ করা হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নির্ভর করবে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। “আমরা প্রস্তুতি নিচ্ছি। যখন নির্দেশনা আসবে, তখনই নামগুলো জানানো হবে।”

মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। কতজনের মন্ত্রিসভা হবে, সেটা রাজনৈতিক নেতৃত্বই ভালো জানেন। আমাদের প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে হয়—গাড়ি, দেহরক্ষী, বাসভবন, নিরাপত্তা, দপ্তর অবহিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন বিষয় দেখতে হয়।

সরকার প্রস্তুত কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেল করে না।”

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং একই বছরের ২৩ ডিসেম্বর সেখানে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি মেধাতালিকায় ষষ্ঠ ছিলেন। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে অবসর দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top