অনুমোদন ছাড়া ভাইব্রেনিয়াম লিমিটেডের শেয়ার স্থানান্তরের অভিযোগে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। বিএসইসির সংশ্লিষ্ট একটি সূত্র আরটিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তদন্তের বিষয়টি ব্রোকারেজ হাউসটির ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।
তদন্ত কমিটিতে আছেন কমিশনের অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আশরাফুল হাসান। কমিটি খতিয়ে দেখবে, ভাইব্রেনিয়াম লিমিটেডের শেয়ার বৈধ অনুমোদন ছাড়া স্থানান্তর হয়েছে কি না। হয়ে থাকলে কতটি শেয়ার, কোন তারিখে, সে সময় বাজারদর কত ছিল এবং মোট কত টাকার লেনদেন হয়েছে—এসব বিষয় নির্ধারণ করা হবে।
এ ছাড়া শেয়ারগুলো কোন কোন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে স্থানান্তর হয়েছে, সংশ্লিষ্ট বিও হিসাব কার নামে এবং স্থানান্তরের পেছনে কী নির্দেশনা বা কারণ ছিল, তা যাচাই করা হবে। অননুমোদিত স্থানান্তরের সঙ্গে কারা জড়িত এবং এতে সিকিউরিটিজ আইন, বিধি ও বিধিমালার কোনো ধারা লঙ্ঘিত হয়েছে কি না, সেটিও নির্ধারণ করবে কমিটি।
বিএসইসি বলছে, পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে অভিযোগটির নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা বলেন, ব্রোকারেজ হাউসটির কার্যক্রমে কোনো অসংগতি আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রতিবেদনে অনিয়মের প্রমাণ মিললে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানীয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।